কথা: হুসাইন রিহান
সুর: এস এম মঈন
ঈদের দিনেও যার হয়না তো ঈদ
ফোটে না মলিন মুখে হাসির ঝলক
ক্ষুধার জ্বালায় যার ক্লান্ত নয়ন
নিরবে ঝরায় বারি পড়ে না পলক
আয়েশে জীবন তব কেটে যায় রোজ
রেখেছ কখনো তুমি সেই তার খোঁজ
সারাটি বছর যার কাটে উপবাসে
পায় না দু’মুটো খেতে রোজ তিনবেলা
পায় না অসুখে সেবা শুধু কেঁদে মরে
সারাটি জনম শুধু পায় অবহেলা
পথের কিনারে কাটে নির্ঘুম রাত
ক্ষুধার আগুন নিভে কুড়িয়ে কাগজ
তুমিও মানুষ আর সেও তো মানুষ
একই রক্ত দেহে আছে প্রবাহিত
তোমার সুখের কভু নেই যে হীনতা
স্বপ্ন আজও তার যেন সমাহিত
নিজের জন্য তুমি যেটা ভালবাসো
পারো না কি তার থেকে কিছু তাকে দিতে
পারো না কি সুখে দুখে সবে মিলেমিশে
বিষাদ-প্রমোদ সব ভাগ করে নিতে
তবেই তো হবে ঠিক এ ধরায় ঈদ
সুখের জোয়ারে ভেসে জান্নাতি ভোজ
